ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে স্থাপিত মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিগত ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।