কুষ্টিয়া শহরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাসার কলবেল চেপে অপেক্ষা করার সময় পেছন থেকে এক কিশোর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার দৃশ্য ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
আহত ১৫ বছর বয়সী স্কুলছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায় বসবাস করছে সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে ওই ছাত্রী। ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর কয়েক সেকেন্ডের মধ্যেই এক কিশোর পেছন থেকে তাকে ছুরিকাঘাত শুরু করে।
এ সময় স্কুলছাত্রীটি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। একপর্যায়ে সে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। হামলার পর ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসাইন জানান, তাঁর বোন বারান্দা থেকে হামলার দৃশ্য দেখে চিৎকার করেন। এরপর তিনি বাইরে গিয়ে দেখতে পান, এক কিশোর স্কুলড্রেস পরা মেয়েটিকে একের পর এক ছুরিকাঘাত করছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায় কিশোরটি। পরে স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রীকে রিকশায় করে দ্রুত হাসপাতালে পাঠান।
হাসপাতালে মেয়েটির বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। স্ত্রীর ফোন পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। কী কারণে তাঁর মেয়ের ওপর এমন হামলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। মেয়েকে কেউ আগে উত্ত্যক্ত করত কি না, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, আহত ছাত্রীর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে তিনটি আঘাত গভীর। ক্ষতস্থানগুলোতে সেলাই দেওয়া হয়েছে।
চিকিৎসক জানান, ছাত্রীটি আপাতত শঙ্কামুক্ত। তবে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত কিশোরও শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
তিনি জানান, হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানও শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
তবে স্কুলছাত্রীটির ওপর হামলার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।