রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছেন স্থানীয় লোকজন। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন আদালতের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সুকুমার হালদার (২৫) ও ফয়সাল (২৫)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সিএমএম আদালতের প্রধান সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত লোকজন জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেন। তাঁদের ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে আটক দুই যুবক ও জব্দ করা মোটরসাইকেলটি আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আটক ব্যক্তিরা সরাসরি এ ঘটনায় জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।