উপাচার্যকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন। শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান পাওয়া যায়নি।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে আসছেন। কিন্তু চলমান সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের সম্মতিতে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শাটডাউনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এদিকে, আলোচনা সভা শেষে রাত ২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।