রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের যোগসাজশে দেশের বেসরকারি আবাসন খাতে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, এসব স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব ব্যবসায়িক কার্যক্রম ছাড়িয়ে নীতিনির্ধারণী পর্যায়েও বিস্তৃত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রভাবশালী গোষ্ঠীগুলোর কারণে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। এর ফলে সাধারণ জমির মালিক ও প্লটের ক্রেতারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান, তবু বাড়ছে অনিয়ম
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নাগরিকদের আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে ক্রমবর্ধমান আবাসন চাহিদা রাষ্ট্র এককভাবে পূরণ করতে না পারায় বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে এই ইতিবাচক অবদানের পাশাপাশি খাতটির একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জমি জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সুশাসনের ছয়টি সূচকেই ব্যাপক ঘাটতি
টিআইবির গবেষণায় আবাসন খাতের সুশাসন মূল্যায়নে ছয়টি নির্দেশক বিবেচনা করা হয়েছে। এগুলো হলো আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।
ড. ইফতেখারুজ্জামান জানান, প্রতিটি নির্দেশকেই উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসব ঘাটতি সমানভাবে প্রযোজ্য নয়।
আইনের দুর্বলতায় বাড়ছে জবাবদিহিহীনতা
আবাসন খাত নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের দুর্বলতা ও যথাযথ প্রয়োগের অভাবকে অনিয়মের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আইনি দুর্বলতার সুযোগ নিয়ে আবাসন প্রতিষ্ঠানগুলোর একটি অংশ নিয়ন্ত্রণ ও জবাবদিহির বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছে। নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি সেবা প্রদানকারী কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার ঘাটতি রয়েছে।
কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক যোগসাজশে অনিয়ম ও প্রতারণার ঘটনা ঘটছে বলেও গবেষণায় উঠে এসেছে।
প্রকল্পের শুরু থেকে প্লট হস্তান্তর পর্যন্ত দুর্নীতি
প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর পর্যন্ত বিভিন্ন ধাপে পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও সম্ভাব্য প্লট ক্রেতাদের অধিকারও নানাভাবে ক্ষুণ্ন হচ্ছে।
নীতিনির্ধারণেও প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগ
টিআইবির নির্বাহী পরিচালকের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়, মধ্যস্বত্বভোগী ও ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে।
এসব গোষ্ঠী নিজেদের স্বার্থে নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। এমনকি কালো টাকা বৈধ করার সুযোগ তৈরির ক্ষেত্রেও আবাসন খাতের প্রভাবশালী একটি অংশের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হুমকির মুখে পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ
ড. ইফতেখারুজ্জামানের মতে, ঢাকাকে কংক্রিটনির্ভর শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসায়িক কার্যক্রমের ভূমিকা রয়েছে। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের লক্ষ্য ব্যাহত হচ্ছে।
নিজেদের স্বার্থ রক্ষায় কিছু প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠান গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় দৃষ্টান্ত পাওয়া গেছে। তবে গণমাধ্যমের সবাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।