যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলসংলগ্ন মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের ডুবুরিরা। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং আট ও দশ বছর বয়সী দুই শিশু রয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। হর্ন আইল্যান্ড গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অন্তর্ভুক্ত।
মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। উদ্ধার অভিযানে উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানানো হয়।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।