দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য নির্বাচিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা নিজেই চালিয়ে যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচি শুরুর সময় তিনি এসব বাইসাইকেল পরীক্ষা করেন। এর আগে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন মডেলের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালিয়ে সেগুলোর গুণগত মান ও ব্যবহারিক সুবিধা পরখ করেন।
সরকারের এই কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।