নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ভাঙচুরে বাধা দিতে গেলে এক বেকারি ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘর ও দোকান থেকে নগদ টাকা লুটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ ঘটনায় স্থানীয় জমিলা খাতুন, স্বর্ণকার শাহীন ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জমিলা খাতুন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গভীর রাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়ির সামনে আসে। এরপর পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই বসতবাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙচুরের পর ঘটনাস্থলে ইট, টিন, কাঠ, আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী জহুরা বেগম অভিযোগ করেন, ‘আমরা রাতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে। বাইরে বের হয়ে দেখি, কিছু লোক ছুরি-রামদা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর ভেকু দিয়ে ঘর ভাঙছে।’
স্থানীয় বাসিন্দা রাব্বির অভিযোগ, হামলার সময় জুবায়ের নামে এক বেকারি ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া ঘরে থাকা নগদ টাকাও নিয়ে যায় হামলাকারীরা।
জমির মালিকানা দাবি, হামলার অভিযোগ অস্বীকার
এদিকে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন জমির মালিকানা দাবিদার জমিলা খাতুন।
তিনি দাবি করেন, ওয়ারিশ সূত্রে সাত শতাংশ জমির বৈধ মালিক তারা। জমির মালিকানা নিয়ে হাইকোর্টের রায়ও তাদের পক্ষে রয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও আদালতের রায় থাকা সত্ত্বেও জমির দখল বুঝে নিতে পারছেন না তারা।
জমিলা খাতুনের অভিযোগ, জমিতে প্রবেশের চেষ্টা করলে তাদের বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দেওয়া হয়।
বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। আদালতের রায় ও বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমির দখল বুঝিয়ে দিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিযোগ পেলে মামলা নেবে পুলিশ
অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ জানান, জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি সমাধানে উভয় পক্ষকে ডেকে কথাও বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।