খুলনা নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় নগরীর লবণচরা, সোনাডাঙ্গা ও আড়ংঘাটা এলাকায় এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি, রেস্টুরেন্ট ও চায়ের দোকান লক্ষ্য করে এসব গুলি ছোড়া হয়। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
মঙ্গলবার বিকেল ৩টার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার শোবার ঘরের জানালার কাচ ভেঙে যায়।
ভুক্তভোগী টুটুল জানান, মোংলায় তার পরিবহন ব্যবসার কার্যালয় রয়েছে। এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নূর আজিম বাহিনীর পরিচয় দিয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, গুলির ঘটনায় কেউ হতাহত হননি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
৩০ লাখ টাকা চাঁদা দাবির পর রেস্টুরেন্টে গুলি
বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার সন্নিকটে পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
জানা গেছে, সোমবার রাতে খুলনার একটি সন্ত্রাসী বাহিনীর প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
হুমকির পর মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে দেন। মঙ্গলবার সকালে পুলিশ রেস্টুরেন্টটি খুলে দিয়ে কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানায়। এর কয়েক ঘণ্টা পরই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
চায়ের দোকানে গুলি, প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকানের সামনে ফাঁকা গুলি ছোড়ে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন।
আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক আহত হন। এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে।
একই দিনে নগরীর পৃথক তিনটি স্থানে গুলির ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।