দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে গুরুত্বপূর্ণ এক মাইলফলক অর্জিত হলো।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রম শুরুর কথা জানানো হয়েছে। তবে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের আগের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষায় কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা ছিল।
পরীক্ষামূলক সংযোগ, এখনই শুরু হচ্ছে না বাণিজ্যিক উৎপাদন
রূপপুর প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। মূলত পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালানো হবে। এসব পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে সংযোগ দেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইয়ের প্রাথমিক পরীক্ষা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
তবে সম্ভাব্য কারিগরি ত্রুটি ও নিরাপত্তাসংক্রান্ত জটিলতা শনাক্ত করতে চূড়ান্ত সংযোগের আগে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ধাপে ধাপে বাড়বে উৎপাদনক্ষমতা
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
রূপপুরের প্রথম ইউনিটে প্রাথমিকভাবে সীমিত সক্ষমতায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
এরপরও নিরাপত্তা, যন্ত্রপাতির কার্যক্ষমতা ও উৎপাদন স্থিতিশীলতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষা চলবে। সংশ্লিষ্টদের ধারণা, প্রথম ইউনিটকে পূর্ণ উৎপাদনক্ষমতায় নিতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এর আগে জানিয়েছিলেন, রূপপুরের বিদ্যুৎ গ্রহণের জন্য জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। সংযোগ কার্যক্রমের সময় পিডিবির প্রতিনিধি উপস্থিত রাখার প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিতে আইএইএর সন্তোষ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতায় সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর সরেজমিন পরিদর্শনের মূল্যায়ন তুলে ধরা হয়।
বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাইয়ের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই পর্যালোচনা করা হয়েছে।
২১ নভেম্বর চূড়ান্ত সংযোগের লক্ষ্য, আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সম্ভাব্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত করা হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বরের আগে বা পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী আয়োজন হতে পারে।
দুই ইউনিট থেকে গ্রিডে ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। কেন্দ্রটির মোট স্থাপিত উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
সে হিসাবে দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।
চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে।
এদিকে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছর দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার লক্ষ্য রয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় যুক্ত হওয়ার পথে বাংলাদেশ
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির পথ আরও এগিয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর বিদ্যুৎকেন্দ্রটি পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়।
দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।