রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণে বলেন, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক পদ্ধতিতে সংঘটিত হয়েছে। অপরাধের ভয়াবহতা বিবেচনায় এ ধরনের ঘটনায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
এর আগে আলোচিত এ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স পাঠানো হয়।
আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) রায় ঘোষণার জন্য পরদিন মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান।
শুনানি ও মামলার নথিতে উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে সোহেল রানার আপিল খারিজ এবং তার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত দেন উচ্চ আদালত।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।