বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির সাত থেকে আটটি বাস আটকে রেখেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ইডেন মহিলা কলেজের সামনে বাসগুলো আটকে দেওয়া হয়। এ সময় ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও তাদের প্রতিবাদে সংহতি জানান।
ভুক্তভোগী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে শিক্ষার্থী হিসেবে হাফ ভাড়া দিতে চাইলে বাসের এক কর্মী তার সঙ্গে অশোভন আচরণ করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে কর্মী তার গন্তব্য জানতে চাইলে তিনি সাভার যাওয়ার কথা বলেন। এরপর তাকে বাসে উঠতে দেওয়া হয়। পরে শিক্ষার্থী পরিচয় জানতে চাওয়া হলে তিনি পরিচয়পত্র দেখিয়ে নিয়মিত ভাড়া অনুযায়ী ৩০ টাকা দেন। কিন্তু বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।
ভুক্তভোগীর ভাষ্য, তিনি নিয়মিত ৩০ টাকা ভাড়ায় যাতায়াত করেন বলে জানালে ওই কর্মী তার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। সাভার যাওয়ার কথা জেনেও মাঝপথে নামতে বলার কারণ জানতে চাইলে বাসকর্মী তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
বৃষ্টি অভিযোগ করেন, ওই কর্মী বাসে থাকা আরেক শিক্ষার্থীর সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ সময় অন্য যাত্রীরা প্রতিবাদ জানালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে হুমকিসূচক মন্তব্য করেন।
ঘটনার বর্ণনা দিয়ে বৃষ্টি বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।’
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহণের বাস আটকে দেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।
তবে অভিযোগের বিষয়ে নীলাচল পরিবহণ কর্তৃপক্ষের বক্তব্য কিংবা বাসগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।