নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও শিল্পাঞ্চলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তে নজরদারি, টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেন তিনি।
পরিদর্শনকালে বিজিবিপ্রধান বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ বেশ কয়েকটি সীমান্ত ফাঁড়ি ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও অভিযান পরিচালনার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
গত ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল, পরিবহন সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা ও সরকারি স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সহিংসতা প্রতিরোধ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় দেশের বিভিন্ন এলাকায় বিজিবির ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জেও অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে ড্রোন, বডিওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা ব্যবহার করছে বাহিনীটি।
এদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
থানায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, পুলিশের নিজস্ব স্থাপনাই যদি নিরাপদ না থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে, শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
গত রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেন।
তাৎক্ষণিক নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নিয়েছে পুলিশ সদরদপ্তর। গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এসব সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
সংস্কার প্রস্তাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও ডিজিটাল নজরদারির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এর আওতায় বডিওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যবহার সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নাশকতা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতেই সরকার সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দাভিত্তিক অভিযানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।