Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া দুই দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া দুই দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কেবল একজন অভিযুক্ত ব্যক্তি নন, বিচারিক প্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং সাজা পেয়েছেন। তিনি বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন কিংবা কোন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে—এসব বিষয় ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

তথ্য উপদেষ্টার মন্তব্য, শেখ হাসিনা বিষয়টি এমনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন, যেন তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করছে।

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেপ্তার করা হবে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বাহিনীটির নিয়মিত দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যর্পণে আইনি বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামিকে ফেরত চায়। শেখ হাসিনা নিজেও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে এ ক্ষেত্রে উভয় পক্ষের চাওয়া একই জায়গায় মিলেছে।

তার মতে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রয়েছে বলে তিনি মনে করেন না। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে বিষয়টির সমাধান হতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে সরাসরি তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন। দেশে ফেরার পর আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগও রয়েছে তার।

প্রত্যর্পণের পর বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ভৌগোলিক বাস্তবতায় দুই দেশ পরস্পরের প্রতিবেশী। এই বাস্তবতা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এ কারণে দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ, পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা বজায় রাখার বিকল্প নেই বলে মনে করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও তার ব্যক্তিগত সিদ্ধান্তের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।