ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের একাধিক এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। এতে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন। মিরপুর মডেল থানার সামনে পৌঁছে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে।
এ সময় শ্রমিকদের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
পরে শ্রমিকরা মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কয়েকশ শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানো হয়।
তিনি বলেন, শ্রমিকদের বারবার লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
এদিকে একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনসংলগ্ন সড়কেও অবস্থান নেন পোশাক শ্রমিকরা। সেখানে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে মাইকিংও করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মিরপুরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।