ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পবিত্র মক্কা থেকে বিশেষ একজনের সঙ্গে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া আবেগঘন বার্তায় একটি সুন্দর বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানালেও জীবনসঙ্গীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন নীহা। ছবিগুলো পবিত্র মক্কায় তোলা। সেখানে তাঁর সঙ্গে একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা জানান তিনি।
অভিনেত্রী লেখেন, জীবনের একটি অধ্যায় এত দিন তাঁরা ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তবে এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নীহা জানান, মহান আল্লাহ তাঁদের একটি সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন।
পোস্টের শেষাংশে নিজেদের সম্পর্কের জন্য আল্লাহর রহমত ও বরকত কামনা করেন অভিনেত্রী।
নীহার এমন বার্তার পর থেকেই তাঁর বিয়ের বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে পোস্টে সরাসরি বিয়ের ঘোষণা দেননি অভিনেত্রী।
আগেই জানিয়েছিলেন, সম্পর্কে রয়েছেন
নীহার প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। গত জুনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘Engaged’ উল্লেখ করেছিলেন তিনি।
এরপর বিভিন্ন সময়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর সিঙ্গেল নন এবং একটি সম্পর্কে রয়েছেন। তবে সেই সম্পর্কের মানুষটির পরিচয় প্রকাশ করেননি।
এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
এবার মক্কা থেকে প্রকাশিত ছবি ও ক্যাপশন সেই আলোচনা নতুন করে সামনে এনেছে। তবে ছবিতে থাকা ব্যক্তিই তাঁর স্বামী কি না কিংবা কবে তাঁদের বিয়ে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নীহা।
শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী
ছবি প্রকাশের পর নীহার পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন ভক্ত-অনুরাগী এবং সহকর্মীরা। অনেকেই তাঁর নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।
তবে পরবর্তী সময়ে পোস্টটিতে মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন অভিনেত্রী।
বরের পরিচয় গোপন রেখেছেন পারশাও
এদিকে সম্প্রতি সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর নিয়েও বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁর আক্দ সম্পন্ন হয়েছে বলে জানা যায়। পরে ৭ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা।
তবে প্রকাশিত ছবিতে ফুল দিয়ে বরের মুখ আড়াল করে রাখেন তিনি। একই সঙ্গে স্বামী ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেন এই শিল্পী।
পরপর দুই তারকার ব্যক্তিগত জীবনের এমন খবর ঘিরে বিনোদন অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে নাজনীন নীহার জীবনসঙ্গীর পরিচয় জানতে আগ্রহী তাঁর ভক্তরা।
তবে অভিনেত্রী নিজে আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত তাঁর বৈবাহিক অবস্থা ও জীবনসঙ্গীর পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।