Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাস

প্রাণ গেলেও অন্যায়ের সঙ্গে আপস করব না

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশালের সি অ্যান্ড বি রোডে অবস্থিত আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী অন্তু বিশ্বাস। পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে নিজের শিক্ষাজীবন রক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তু বিশ্বাস অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো নেই। একই ভবনে একই অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ডিডব্লিউএফ (ভিডাব্লিউএফ) নার্সিং কলেজ এবং আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। একই ধরনের অনিয়ম মাদারীপুরের ডিডব্লিউএফ নার্সিং কলেজেও রয়েছে বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে অন্তু বিশ্বাস জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করেন। ওই সময় চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও তৎকালীন অধ্যক্ষ বাসন্তী রানী শিক্ষার্থীদের লিখিত দাবি মেনে নিয়ে ভবিষ্যতে আন্দোলনকারী কোনো শিক্ষার্থীকে হয়রানি না করার অঙ্গীকার করেন। তবে দীর্ঘ সময় পার হলেও সমস্যার সমাধান হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২৬ সালের ২৩ এপ্রিল ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই অর্থ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নেয় বলে জানালেও হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা জানতে পারেন, সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের নামে কোনো অর্থ নেওয়া হয় না।

অন্তু বিশ্বাস আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ ১২ হাজার টাকা টিউশন ফির সঙ্গে সমন্বয় করেন। একই সঙ্গে ২৮ এপ্রিল পরীক্ষার ফরম পূরণ, ভাইভা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়ে একটি নোটিশ জারি করা হয়।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিস কেস নং-০২/২০২৬ দায়ের হয় এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্তু বিশ্বাসের অভিযোগ, আদালতের মামলার সাক্ষী হওয়া এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাঁকে প্রতিহিংসার শিকার হতে হয়েছে। গত ৮ নভেম্বর পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে ২ নভেম্বর ইস্যু করা আইএসিআইবিএনআই/২০২৬/১৪৯ নম্বর নোটিশের মাধ্যমে কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই তাঁর ছাত্রত্ব বাতিল ও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিজের শিক্ষাজীবন রক্ষায় চার দফা দাবি তুলে ধরেন অন্তু বিশ্বাস। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিশেষ ব্যবস্থায় পরীক্ষার ফরম পূরণের সুযোগ নিশ্চিত করা, আন্দোলনকারী ও মামলার সাক্ষী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং প্রতিষ্ঠানের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে অন্তু বিশ্বাস বলেন, প্রাণ গেলেও অন্যায়ের সঙ্গে আপস করব না। তাঁর শিক্ষাজীবন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।