Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের গোপনে দেশে প্রবেশ, রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণ এবং পুনরায় সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের গোপনে দেশে প্রবেশ, রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণ এবং পুনরায় সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ একটি গোপন রাজনৈতিক সমাবেশে অংশ নেন। পরে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে যান। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাবেশে অংশ নেওয়া প্রায় ৬০ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, রঞ্জিত সরকার কোন পথে দেশে প্রবেশ করেছিলেন, কারা তাকে আশ্রয় দিয়েছিলেন এবং বৈঠক আয়োজনের সঙ্গে কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো তৎপরতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত পেরিয়ে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ

গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার সিলেটের রাতারগুলসংলগ্ন লামাপুঞ্জি সীমান্ত দিয়ে গোপনে বাংলাদেশে প্রবেশ করেন। গত সোমবার সন্ধ্যায় তিনি পূর্বনির্ধারিত একটি স্থানে পৌঁছান। বৈঠক শেষে জৈন্তাপুর এলাকা হয়ে সীমান্ত অতিক্রম করে আবার ভারতে চলে যান।

সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রঞ্জিত সরকার প্রথমে যুক্তরাজ্যে যান। পরে সেখান থেকে ভারতে গিয়ে অবস্থান করছিলেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর ও পিকনিকের কথা বলে প্রায় ১৫০ জনকে চারটি বাসে রাতারগুলে আনা হয়। রিসোর্টের মাঠে তাদের জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে রঞ্জিত সরকারসহ কয়েকজন একটি গাড়িতে করে সেখানে পৌঁছান। এ সময় শিক্ষা সফরের ব্যানার সরিয়ে রাজনৈতিক ব্যানার টানানো হয়। এরপর রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের একটি সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তকারীরা জানান, ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী ও একটি গোপন যোগাযোগ নেটওয়ার্কের সহায়তায় এ সফরের আয়োজন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে ভিডিও প্রকাশের পর প্রশাসনের তৎপরতা

গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে রঞ্জিত সরকারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাবেশের ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

এরপর পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অনুসন্ধান শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সোহেল স্কয়ার রিসোর্টে তল্লাশি চালানো হয়। পরে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে তালা দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। তদন্তসংশ্লিষ্টদের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টটি শনাক্ত করা এবং সমাবেশে উপস্থিত অন্যদের পরিচয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

তবে শনাক্ত হওয়া ব্যক্তিদের অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের অনেকের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ১৯৫ জন

এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রঞ্জিত সরকারের কথিত সীমান্ত পারাপার, সমাবেশের পরিকল্পনা, অর্থায়ন এবং সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

তবে রঞ্জিত সরকারের দেশে প্রবেশ ও ফিরে যাওয়ার নির্দিষ্ট পথ এবং পুরো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার কাজ এখনো চলছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।