Skip to content
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল, ভাটারায় স্কুলবাসে আগুন

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্য চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং ভাটারায় একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্য চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে।

এ ছাড়া জগন্নাথ হলের আশপাশ, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা যায়। একাধিক স্থানে পরপর বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন গণমাধ্যমকে জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিএসসি এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরে আরও একজনকে আটক করা হয়।

ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দিয়েছেন। বিষয়টি শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

পরে রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের নাজমুস সাদ (৩৩)।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এ ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।

তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো তথ্য জানানো হয়নি।

ভাটারায় দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন

অন্যদিকে একই সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা-পুলিশ। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বিষয়টি নিশ্চিত করে জানান, একটি স্কুলবাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি আগুনে জ্বলছে। এ সময় বাস থেকে কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

তবে বাসটিতে আগুন দেওয়ার সময় কোনো যাত্রী ছিল কি না, হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা কারা অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই সন্ধ্যায় রাজধানীর দুটি পৃথক এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।