প্রথমবারের মতো ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে রহস্যময় এক চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি প্রকাশিত সিরিজটির ফার্স্টলুকে বিয়ের সাজে পিস্তল হাতে হাজির হয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির প্রথম ঝলক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবিতে বিয়ের পোশাকে পিস্তল হাতে দেখা যায় ফারিণকে। অন্য একটি ছবিতে তাঁর পেছনে কালো পোশাকে অবস্থান করছেন ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ।
সিরিজটিতে ফারিণ অভিনয় করেছেন ‘ক্যামেলিয়া’ নামের একটি চরিত্রে। নামের মতোই চরিত্রটির মধ্যে রয়েছে রহস্য ও অপ্রত্যাশিত নানা দিক।
নতুন অভিজ্ঞতা নিয়ে ফারিণ বলেন, ‘নামটির মতো চরিত্রটিও একটু অন্যরকম। সিরিজটি যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও তেমন অনেক ডার্ক এলিমেন্ট রয়েছে। এর আগে আমার কমেডি সিরিজে কাজ করা হয়নি। এটি আমার প্রথম অভিজ্ঞতা।’
অভিনেত্রী জানান, ওটিটি প্ল্যাটফর্মে বর্তমানে থ্রিলার ও মার্ডার মিস্ট্রি ঘরানার কাজ বেশি হচ্ছে। তাই এবার ভিন্ন ধরনের গল্পে নিজেকে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা দর্শকদের বিনোদন দেবে বলেও আশা প্রকাশ করেন ফারিণ।
ডার্ক কমেডি মূলত এমন একটি গল্প বলার ধরন, যেখানে গুরুতর, সংবেদনশীল কিংবা অস্বস্তিকর বিষয়গুলোকে ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়। ‘ডাকাতিয়া বাঁশি’তেও এমন ভিন্নধর্মী গল্পের স্বাদ পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতি পর্বে থাকছে নতুন রহস্য ও চমক
নির্মাতা ইমরাউল রাফাত জানিয়েছেন, সিরিজটির গল্প ও নির্মাণশৈলী তাঁর জন্য বিশেষ চ্যালেঞ্জের। প্রতিটি পর্বে দর্শকদের আগ্রহ ধরে রাখতে গল্পে একাধিক স্তর ও অপ্রত্যাশিত মোড় রাখা হয়েছে।
তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে।’
ডার্ক কমেডি ঘরানাটি তাঁর পরিচিত হলেও ওয়েব সিরিজের কাঠামোয় গল্পটি উপস্থাপন করতে নতুনভাবে কাজ করেছেন বলে জানান নির্মাতা।
রহস্যময় চরিত্রে শিবলু ও পার্থ শেখ
সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা পার্থ শেখ। তাঁর চরিত্রেও থাকছে ভিন্নতা।
অন্যদিকে ফার্স্টলুকে বন্দুক হাতে দেখা গেছে অভিনেতা ও সংগীতশিল্পী আরফান মৃধা শিবলুকে। নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে না চাইলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, গল্পের অগ্রগতির সঙ্গে চরিত্রটির নানা দিক প্রকাশ পাবে।
শিবলু বলেন, ‘এটা মজার গল্প, এতে সন্দেহ নাই। কিন্তু আমার চরিত্রে সন্দেহ আছে। চরিত্রটা আসলে একেক সময় একেক রকম।’
তিনি আরও জানান, রহস্য ও হাস্যরসের পাশাপাশি সিরিজটিতে একটি পরিবারের গল্পও গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে।
‘ডাকাতিয়া বাঁশি’তে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে।
নতুন ধরনের গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং ডার্ক কমেডির সংমিশ্রণে নির্মিত সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।