গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন। একই দিন বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তা এলাকায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে যোগ দিয়ে মিছিল বের করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং পুলিশের একটি সরকারি গাড়ির গতিরোধ করে সেটি ঘিরে ফেলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এ সময় কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। তারা গাড়িটির বিভিন্ন অংশে আঘাত করে কাচ ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার সরে যাওয়ার অনুরোধ জানালেও বিক্ষোভকারীরা তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে একপর্যায়ে পুলিশের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের দাবি, সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও এক হাজার ৫০০ থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।