Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
লিড নিউজ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও যোগ দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যান। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়।

এরপর মিছিলটি পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে এলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবরোধ

এদিকে বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় লঞ্চঘাট সেতুর এক পাশে বিক্ষোভকারী এবং অন্য পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে অবরোধকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর

কাশিয়ানী উপজেলায়ও সকাল থেকে কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে।

সকাল সাতটার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ করা হয়। একই সময়ে পোনা ও মাজড়া এলাকার মধ্যবর্তী ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রাতেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগ

এর আগে সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অবরোধ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। মহেশপুর রেলস্টেশন এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবরও পাওয়া যায়।

এ ছাড়া গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আটজন গ্রেপ্তার, ১৫টি ককটেল জব্দ

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, সোমবার রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপারের দাবি, মঙ্গলবার জেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পরবর্তী সহিংসতা ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।