ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ ও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে বেশ কয়েকটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আন্দোলন ঘিরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮টি পেট্রোল দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দেয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভে অংশ নেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় লাঠিসোঁটা হাতে একদল শ্রমিক বিক্ষোভ শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পরে ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ আশপাশের শিল্পাঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ, নতুন করে সাধারণ ছুটি
চলমান শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চলে একাধিক পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
প্রাথমিক তথ্যে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং মঙ্গলবার আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণার কথা জানানো হয়।
তবে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পরবর্তী এক বক্তব্যে জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৮টার দিকে কোনাবাড়ী ও জরুন এলাকার রিপন নিট ওয়্যার লিমিটেড এবং তুসুকা গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
সাউন্ড গ্রেনেডে আহত সাংবাদিক
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।
ঘটনায় তার বাঁ পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে কাজ করেন।
গাজীপুরে বিজিবি, আনসার ও এসআরবির বিশেষ নিরাপত্তাব্যবস্থা
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং এসআরবির ৮টি পেট্রোল দল দায়িত্ব পালন করছে।
এ ছাড়া শিল্প পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
গাজীপুর ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছে।
অন্যদিকে গাজীপুর পোড়াবাড়ি এসআরবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজীত পাল জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তায় এসআরবির ৮টি পেট্রোল দল কাজ করছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ ও বিজিবি সদস্য পাঠানো হয়েছে।
সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
এদিকে একই ধরনের দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলেও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার সকাল থেকে হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় সড়ক অবরোধের চেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।
এরপর সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায়ও শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সেখানে পুলিশ ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
ঢাকা-আরিচা মহাসড়কেও অবরোধ
সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভের ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী পোশাক শ্রমিকরা।
এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সৃষ্ট অস্থিরতায় একদিকে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে চলাচলকারী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।