বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুর ও কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। শ্রমিক অসন্তোষের কারণে দুই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে কোনাবাড়ীতে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।
শ্রীপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
সকাল থেকে শ্রীপুরের ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার ও শিরিরচালা এলাকায় বিক্ষিপ্তভাবে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন আন্দোলনরত শ্রমিকেরা।
সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সকালে শ্রীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মণ্ডল ইন্টিমেটস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।
কারখানাগুলো ছুটি ঘোষণার পর শ্রমিকেরা ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।
নতুন বাজার এলাকায় পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে শ্রমিকেরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরবর্তী সময়ে গড়গড়িয়া মাস্টারবাড়ী ও শিরিরচালা এলাকায়ও শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে দফায় দফায় তৎপরতা চালাতে হয়।
সব কারখানার শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়ার দাবি
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবিতে তারা রাজপথে আন্দোলন করলেও আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেনি। এসব কারখানার শ্রমিকদের কেউ কেউ কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন।
তাদের দাবি, বেতন বাড়ানো হলে আন্দোলনে অংশ নেওয়া এবং অংশ না নেওয়া—উভয় পক্ষের শ্রমিকেরাই এর সুবিধা পাবেন। অথচ দাবি আদায়ে একদল শ্রমিক রাজপথে আন্দোলন করলেও অন্যরা কারখানায় অবস্থান করছেন।
আন্দোলনকারী শ্রমিকেরা বলেন, ‘আমরা রাস্তায় আন্দোলন করব আর অন্যরা কারখানায় কাজ করবে, এ ধরনের বৈষম্য হতে পারে না।’
বেতন বৃদ্ধির দাবি আদায়ে সব পোশাক কারখানার শ্রমিকদের সমর্থন ও অংশগ্রহণ চান আন্দোলনকারীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কোনাবাড়ীতে শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ
এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর পোশাকশ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় ওই কারখানাসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা স্থানীয় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
তবে কোনাবাড়ীতে যে শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।