Skip to content
সর্বশেষ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

উদ্বেগ আইনশৃঙ্খলা কমিটির সভায়

এক মাসে বরিশালে অপরাধ বেড়েছে ২৯ শতাংশ

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশাল জেলা পুলিশ ও মহানগর পুলিশের পৃথক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশাল জেলা ও মহানগর এলাকায় এক মাসের ব্যবধানে নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি। সেপ্টেম্বরে মোট ৪৭১টি অপরাধ নথিভুক্ত হলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০৭টিতে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এক মাসে অপরাধ বৃদ্ধির হার প্রায় ২৯ শতাংশ। তবে একই সময়ে ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদকসংক্রান্ত কয়েকটি অপরাধের সংখ্যা কমেছে।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশাল জেলা পুলিশ ও মহানগর পুলিশের পৃথক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।

মহানগরে অপরাধ বেড়েছে ৪৯টি

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) আওতাধীন চারটি থানায় সেপ্টেম্বরে ১৪২টি অপরাধ নথিভুক্ত হয়। অক্টোবরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯১টিতে। অর্থাৎ এক মাসে মহানগরে অপরাধ বেড়েছে ৪৯টি।

পরিসংখ্যানে দেখা যায়, মহানগরে সিঁধেল চুরির ঘটনা তিনটি থেকে বেড়ে চারটি এবং সাধারণ চুরি ছয়টি থেকে বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে।

একই সময়ে অস্ত্র আইনে নথিভুক্ত অপরাধ একটি থেকে বেড়ে দুটি এবং মাদকসংক্রান্ত অপরাধ ৫১টি থেকে বেড়ে ৬২টি হয়েছে। অন্যান্য অপরাধের সংখ্যা ৫৫টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪টিতে।

তবে সেপ্টেম্বর ও অক্টোবর—কোনো মাসেই মহানগরের চার থানায় ডাকাতি, ধর্ষণ, অপহরণ, পুলিশের ওপর হামলা কিংবা দ্রুত বিচার আইনে কোনো অপরাধ নথিভুক্ত হয়নি।

এ ছাড়া হত্যাকাণ্ড, দস্যুতা ও শিশু নির্যাতনের পরিসংখ্যানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

জেলার ১০ থানায় অপরাধ বেড়েছে ৮৭টি

মহানগরের তুলনায় জেলা পুলিশের আওতাধীন ১০টি থানায় অপরাধ বৃদ্ধির সংখ্যা বেশি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এসব থানায় ৩২৯টি অপরাধ নথিভুক্ত হয়। অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ৪১৬টিতে। এক মাসে অপরাধ বেড়েছে ৮৭টি।

এ সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা দুটি থেকে বেড়ে চারটি হয়েছে। শিশু নির্যাতনের ঘটনা সাতটি থেকে বেড়ে আটটিতে দাঁড়িয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে অন্যান্য অপরাধের হিসাবে। সেপ্টেম্বরে এ ধরনের ৯২টি অপরাধ নথিভুক্ত হলেও অক্টোবরে তা বেড়ে হয়েছে ২৯৪টি।

অন্যদিকে কয়েকটি অপরাধের সংখ্যা কমেছে। দস্যুতার ঘটনা দুটি থেকে কমে একটি, সিঁধেল চুরি ১২টি থেকে আটটি এবং সাধারণ চুরি ১২টি থেকে সাতটিতে নেমেছে।

নারী নির্যাতনের ঘটনা ২৭টি থেকে কমে ২২টি হয়েছে। ধর্ষণের অভিযোগও সাতটি থেকে কমে তিনটিতে দাঁড়িয়েছে।

জেলা পুলিশের হিসাবে মাদকসংক্রান্ত অপরাধের সংখ্যাও কমেছে। তবে উভয় মাসেই একটি করে ডাকাতির ঘটনা নথিভুক্ত হয়েছে।

অভিযান কমলেও বেড়েছে মাদক উদ্ধার

আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও মাদক উদ্ধারের পরিসংখ্যানও তুলে ধরা হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বরিশালে ১৫০টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অক্টোবরে অভিযান কমে দাঁড়ায় ১৪১টিতে।

দুই মাসেই ২৪টি করে নিয়মিত মামলা হয়েছে। তবে মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা মিলিয়ে মোট মামলার সংখ্যা ৫৭টি থেকে কমে ৫০টিতে দাঁড়িয়েছে।

অভিযানের সংখ্যা কিছুটা কমলেও অক্টোবর মাসে উদ্ধার করা মাদকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সেপ্টেম্বরে ৬ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ১৪৩টি ইয়াবা, ২৪ অ্যাম্পুল জি-মরফিন এবং ২১ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়।

অন্যদিকে অক্টোবরে উদ্ধার করা হয়েছে ৯১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৪৮৬টি ইয়াবা এবং ১০ অ্যাম্পুল ইজিয়াম ইনজেকশন।

অর্থাৎ এক মাসের ব্যবধানে গাঁজা উদ্ধার বেড়েছে ৮৫ কেজি ১২৫ গ্রাম এবং ইয়াবা উদ্ধার বেড়েছে ৩৪৩টি।

এ ছাড়া অক্টোবরের অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সন্ধ্যার পর শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর নির্দেশ

সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরাধের সংখ্যা বেড়েছে। তবে কয়েকটি গুরুতর অপরাধের সংখ্যা কমেছে।

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে সন্ধ্যার পর স্কুল-কলেজের ক্যাম্পাসে যাতে মাদকসেবন বা মাদকের আড্ডা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

তিনি অপরাধ প্রতিরোধে নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের তাগিদ দেন।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিগত ১৭ বছরে দেশে নানা অনিয়ম হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি চলতে দেওয়া যাবে না।

বরিশালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে পুলিশের মাসভিত্তিক পরিসংখ্যানে অপরাধ বৃদ্ধির চিত্র উঠে এলেও কয়েকটি গুরুতর অপরাধ কমার তথ্যও পাওয়া গেছে। ফলে অপরাধের ধরন ও এলাকাভিত্তিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।