Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আকাশ থেকে ‘ভূতুড়ে হামলা’, ড্রোন যুদ্ধে বাড়ছে বেসামরিক প্রাণহানি

আধুনিক যুদ্ধের ধরন বদলে দিয়েছে সশস্ত্র ড্রোনের ব্যবহার। হাজার হাজার কিলোমিটার দূর থেকে পরিচালিত এসব ড্রোনের হামলায় প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। অথচ অনেক ক্ষেত্রেই হামলার দায় কার, কোন দেশের নির্দেশে হামলা চালানো হয়েছে কিংবা কেন নিরীহ মানুষ লক্ষ্যবস্তু হয়েছেন, তার উত্তর মিলছে না। দায় স্বীকার না করা এসব হামলাকে সোমালিয়ার স্থানীয় বাসিন্দারা বলছেন ‘ভূতুড়ে হামলা’।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

আধুনিক যুদ্ধের ধরন বদলে দিয়েছে সশস্ত্র ড্রোনের ব্যবহার। হাজার হাজার কিলোমিটার দূর থেকে পরিচালিত এসব ড্রোনের হামলায় প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। অথচ অনেক ক্ষেত্রেই হামলার দায় কার, কোন দেশের নির্দেশে হামলা চালানো হয়েছে কিংবা কেন নিরীহ মানুষ লক্ষ্যবস্তু হয়েছেন, তার উত্তর মিলছে না। দায় স্বীকার না করা এসব হামলাকে সোমালিয়ার স্থানীয় বাসিন্দারা বলছেন ‘ভূতুড়ে হামলা’।

গত ২১ মে সোমালিয়ার গলিস পাহাড়ে এমনই এক হামলায় পরিবারের সদস্যদের হারান মোহামেদ নামে এক ব্যক্তি। হামলায় তার স্ত্রী, অনাগত সন্তান ও তিন মেয়ে নিহত হন। ধ্বংস হয়ে যায় তার ছাগলের পালও।

গুরুতর আহত অবস্থায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় এমন একটি এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন মোহামেদ। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে পরদিন উপকূলীয় শহর বুরুস থেকে ৩৬ জনের একটি উদ্ধারকারী দল প্রায় ১৯ মাইল পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ হাসান জানান, সেখানে ইসলামিক স্টেটের কোনো যোদ্ধার সন্ধান পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু নারী ও শিশুদের মরদেহ।

মরদেহ সংগ্রহ ও দাফনের প্রস্তুতির সময় আকাশে ড্রোনের শব্দ শুনতে পান উদ্ধারকারীরা। তাদের ধারণা, হামলার সঙ্গে সংশ্লিষ্ট ড্রোনটি তখনো ওই এলাকায় নজরদারি করছিল। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলার দায় শনাক্ত করা কঠিন

সোমালিয়ার গলিস পাহাড়ে ইসলামিক স্টেটবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র শত শত বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও সোমালি সরকারও ওই অঞ্চলে সামরিক ড্রোন ব্যবহার করছে।

তবে সামরিক অভিযানসংক্রান্ত তথ্য প্রকাশে সীমাবদ্ধতা থাকায় নির্দিষ্ট হামলার জন্য কোন পক্ষ দায়ী, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তানজানিয়ায় নিযুক্ত সোমালিয়ার উপ-রাষ্ট্রদূত আশকির নুর জানান, মোহামেদের পরিবারের ওপর হামলার স্থান বক্সায়াকে পুন্তল্যান্ডের আঞ্চলিক সরকার নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল। অথচ হামলার পর বেঁচে যাওয়া মোহামেদের কাছে কর্তৃপক্ষ ক্ষমা চায়নি কিংবা কোনো ক্ষতিপূরণও দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিশ্বজুড়ে বাড়ছে ড্রোন হামলায় প্রাণহানি

এ ধরনের হামলা শুধু সোমালিয়াতেই সীমাবদ্ধ নেই। সুদান, ইয়েমেন, ইরান ও মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ড্রোন হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে।

সুদানের চলমান গৃহযুদ্ধে চলতি বছর বেসামরিক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে ড্রোন হামলা। ইথিওপিয়া, ইরিত্রিয়া ও তিগ্রে অঞ্চলেও বিভিন্ন পক্ষের ড্রোন ব্যবহারের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় দায় স্বীকার না করার নজির রয়েছে।

দ্রুত বিস্তার ঘটছে সামরিক ড্রোনের

ড্রোন যুদ্ধবিষয়ক গবেষণা সংস্থা ড্রোন ওয়ার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৫৫টির বেশি দেশ বড় আকারের সশস্ত্র ড্রোন ব্যবহার করছে। আরও সাতটি দেশ শিগগিরই এ ধরনের ড্রোন সংগ্রহ করতে পারে।

সংস্থাটির পরিচালক ক্রিস কোলের মতে, সশস্ত্র ড্রোন ব্যবহারকারী দেশের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, একবার ব্যবহারযোগ্য আত্মঘাতী ড্রোনের হিসাব এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। অনেক দেশ গোপনেও সামরিক ড্রোন সংগ্রহ করছে।

প্রচলিত যুদ্ধবিমানের তুলনায় ড্রোনের উৎপাদন ও সংগ্রহ ব্যয় কম হওয়ায় সামরিক খাতে এর ব্যবহার দ্রুত বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

তুরস্ক ও চীন তুলনামূলক কম ব্যয়ের সামরিক ড্রোন বাজারে আনার পর অনেক দেশ আকাশপথে হামলার সক্ষমতা অর্জন করেছে। রাষ্ট্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া ও অপরাধী চক্রের হাতেও পৌঁছে যাচ্ছে ড্রোন প্রযুক্তি।

বেসামরিক মানুষের সুরক্ষা ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

সামরিক ড্রোনের ব্যাপক বিস্তারের সঙ্গে সঙ্গে হামলার দায় নির্ধারণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার বিষয়টি আরও জটিল হয়ে উঠছে।

আফ্রিকার হর্ন ও গ্রেট লেকস অঞ্চলের নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহি হালাখের মতে, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষগুলোর হাতে কম ব্যয়ের ড্রোন যত বেশি ছড়িয়ে পড়ছে, হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা তত কঠিন হচ্ছে।

প্রযুক্তিনির্ভর যুদ্ধের এই পরিবর্তিত বাস্তবতায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং হামলার জন্য দায়ী পক্ষকে শনাক্ত করা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।