Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল ও হামলাকারীদের শাস্তির দাবিতে বরিশালে নাগরিক সমাবেশ

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল, তাঁর ওপর হামলার বিচার, হামলাকারীদের শাস্তি নিশ্চিত এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল, তাঁর ওপর হামলার বিচার, হামলাকারীদের শাস্তি নিশ্চিত এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক সুজন আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, গণফোরাম কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রীর বরিশাল জেলার সংগঠক অনিন্দ্য মন্ডল, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলার সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাস, শিক্ষক বিপ্লব দাস, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, অ্যাডভোকেট খালিদ বিন ওয়ালীদ ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে হয়রানির শিকার হতে হয়েছে। তাঁদের দাবি, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়েছে।

বক্তারা জানান, এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে যুক্ত থাকার কারণে গত ২ নভেম্বর কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে গত ১৯ নভেম্বর তাঁকে মারধর করে দুই তলা থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগও করেন তাঁরা।

আরও অভিযোগ করে বক্তারা বলেন, শারীরিকভাবে লাঞ্ছিত ও বহিষ্কারের পর অন্তু বিশ্বাস এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি অন্তুর পরিবহন শ্রমিক বাবাকেও আসামি করে আরেকটি মামলা করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলার সংগঠক অন্তু বিশ্বাসকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। তাঁকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত করে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

তাঁরা অবিলম্বে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল, তাঁর নিরাপত্তা নিশ্চিত, হামলার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বরিশালের ছাত্র-শিক্ষক, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা দমনের হাতিয়ার হিসেবে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রণীত এ ধরনের নিবর্তনমূলক আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে শিক্ষার্থীদের আত্মত্যাগের পরও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের এবং তাঁর ওপর হামলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।

সমাবেশ থেকে বক্তারা সাইবার নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান। একই সঙ্গে অন্তু বিশ্বাসের ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং তাঁর শিক্ষাজীবন স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।