Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

অনিরুদ্ধের বিয়েতে নেচে আসর মাতালেন ৭৫ বছর বয়সি রজনীকান্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। গ্রিসে আয়োজিত তাঁদের বিয়ের অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। গ্রিসে আয়োজিত তাঁদের বিয়ের অনুষ্ঠানে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) গ্রিসের একটি মনোরম স্থানে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ ও কাব্য। ব্যক্তিগত পরিসরে আয়োজিত হলেও তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমকালো।

অনিরুদ্ধের সুরে নাচলেন রজনীকান্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে নাচে মেতে উঠেছেন ৭৫ বছর বয়সী রজনীকান্ত। তাঁর অভিনীত ‘ভেত্তাইয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’র তালে নাচতে দেখা যায় তাঁকে।

গানটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ নিজেই। ফলে নিজের সুর করা গানে রজনীকান্তের এমন প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে বাড়তি আকর্ষণ।

ভিডিওতে নবদম্পতি ও মারান পরিবারের সদস্যদের সঙ্গে রজনীকান্তকে আনন্দ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই নাচের দৃশ্য নিয়ে ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

বিয়েতে উপস্থিত ছিলেন রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা

প্রকাশিত খবর অনুযায়ী, ১০ নভেম্বর ঐতিহ্যবাহী তামিল রীতিতে ‘নিচায়থার্থম’ বা বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। পরদিন ১১ নভেম্বর সম্পন্ন হয় বিয়ের মূল আয়োজন।

অনুষ্ঠানে রজনীকান্তের পাশাপাশি তাঁর স্ত্রী লতা রজনীকান্তও উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া অতিথিদের মধ্যে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতির কথাও উঠে এসেছে।

বিয়ের পর অনিরুদ্ধের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশের কথাও জানানো হয়েছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের একমাত্র প্রাপ্তি, আজীবনকালের জন্য ১১.১১।’

নবদম্পতির পোশাকেও ছিল বিশেষ আকর্ষণ

বিয়ের অনুষ্ঠানে অনিরুদ্ধ ও কাব্যের পোশাক নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

কাব্য পরেছিলেন রুপালি ও সোনালি কারুকাজ করা আর্থি ব্রাউন রঙের পোশাক। এর সঙ্গে মুক্তো ও পুঁতির কাজ করা স্কার্ট তাঁর সাজে যোগ করে বিশেষ সৌন্দর্য।

অন্যদিকে অনিরুদ্ধের পরনে ছিল ক্রিম রঙের একটি জ্যাকেট, যাতে পাম গাছ ও সমুদ্রের ঢেউয়ের নকশায় এমব্রয়ডারি করা ছিল।

২১ নভেম্বর চেন্নাইয়ে জমকালো সংবর্ধনার পরিকল্পনা

গ্রিসে সীমিত অতিথি নিয়ে বিয়ের আয়োজন করা হলেও আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনার কথা জানা গেছে।

সেখানে ভারতীয় চলচ্চিত্র, রাজনীতি ও ব্যবসায়ী অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর গুঞ্জনও রয়েছে। তবে এসব আমন্ত্রণ কিংবা তাঁদের উপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের খবরের পাশাপাশি রজনীকান্তের নাচের ভিডিওই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।