রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে। এ সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানান তিনি। পরে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রিজনভ্যান থেকে নামানোর আগে পুলিশ সদস্যরা তাঁর হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। এ সময় এক পুলিশ সদস্যকে উদ্দেশ করে জিয়াউল আহসান বলেন, ‘আমি এসব পরবো না। কোন আইনে আছে?’
এ নিয়ে প্রিজনভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে কয়েক মিনিটের মধ্যে হাতকড়া ছাড়াই তাঁকে গাড়ি থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান পুলিশ সদস্যরা।
দুপুর ১টা ৫৮ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে হাজির করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’
শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাটিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
জিয়াউল আহসান ছাড়াও গ্রেপ্তার অপর ১০ আসামিকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তাঁরা হলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এর আগে গত ১ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে সাবেক আইজিপি শহীদুল হক অসুস্থ থাকায় প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
পলাতক আসামিদের তালিকায় সাবেক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়।
এরপর ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
শাপলা চত্বরের ঘটনায় দুটি অভিযোগ
গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ৩২ জনকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে মামলার বিচারিক কার্যক্রম চলছে। বৃহস্পতিবারের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।