বগুড়ার মোকামতলায় আমিজা খাতুন (৪৬) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শংকরপুর মাস্টারপাড়া গ্রামে নিজ বাড়ির বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা খাতুন ওই গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। প্রতিবন্ধী এই নারীর কোনো সন্তান ছিল না। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই বাড়িতে বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য স্থানীয় এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং পশ্চিম পাশের টিনের বেড়া কাটা অবস্থায় দেখতে পান তারা।
পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বিছানায় আমিজার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আলমাস আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের সময় আমিজা জেগে উঠলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।