Skip to content
সর্বশেষ
ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

জন্মদিনে বিএনপির কোনো কর্মসূচি নেই

৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার টানানো, আলোচনা সভা কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করবে না বিএনপি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জন্মদিন ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার টানানো, আলোচনা সভা কিংবা কোনো ধরনের উৎসব আয়োজন করবে না বিএনপি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জন্মদিন ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো বা আলোচনা সভাসহ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হবে না। এ উপলক্ষে দলের কোনো কর্মসূচিও নেই।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে তিনি সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮২ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

এরপর ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন তিনি। পরবর্তী সময়ে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন।

রাজনীতিতে পথচলা ও সাংগঠনিক নেতৃত্ব

তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে। ওই বছর বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে দলের বগুড়া জেলা শাখার সদস্য হন।

তবে আনুষ্ঠানিকভাবে দলীয় পদ পাওয়ার আগেই নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। ওই নির্বাচনে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচারণা সমন্বয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় তার সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ে। স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও সুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্ব দেন তিনি।

২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দল পুনর্গঠন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন তারেক রহমান। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গ্রেপ্তার, চিকিৎসা ও দীর্ঘ প্রবাসজীবন

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। গ্রেপ্তারের পর কারাবন্দি অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

২০০৮ সালের ৯ জানুয়ারি ঢাকার একটি আদালতে রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেন তিনি। তার আইনজীবীরাও মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ার অভিযোগ আদালতে উত্থাপন করেন।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে যান তারেক রহমান। সেখানেই শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।

প্রবাসে অবস্থানকালে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, মা খালেদা জিয়ার কারাবাসসহ নানা পারিবারিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হন তিনি। তবে বিদেশে থেকেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।

লন্ডন থেকে বিএনপির নেতৃত্ব

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর লন্ডন থেকেই দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেন।

ভার্চুয়াল বৈঠক, নিয়মিত সাংগঠনিক নির্দেশনা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দল পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি।

তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে অংশ নেয়। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের বিষয়েও দলীয় অবস্থান তুলে ধরা হয়।

২০২৩ সালের ১২ জুলাই বিএনপির এক দফা আন্দোলনের ঘোষণা এবং একই সময়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা উপস্থাপন তার রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অধ্যায়। ওই রূপরেখায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

দেশে ফেরার আগে ২০২৫ সালের ১৩ জুন যুক্তরাজ্যে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে ওই বৈঠককে রাজনৈতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়।

বিএনপির চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী

২০২৫ সালের ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হয়। চলতি বছরের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

এরপর ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে নতুন পরিবর্তন আসে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলীয় সাংগঠনিক নেতৃত্ব, আন্দোলন এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করার পর এখন সরকার পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন পালন করছেন তিনি। তবে ব্যক্তিগত এই দিনটিকে ঘিরে কোনো আনুষ্ঠানিক উৎসব বা আড়ম্বরপূর্ণ কর্মসূচি রাখেনি বিএনপি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।