স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন, নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর প্রথম দিন ১৯টি, ৩০ নভেম্বর দ্বিতীয় দিন ১৮টি এবং ১ ডিসেম্বর শেষ দিন আরও ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
প্রথম দিনের সংলাপে থাকবে বিএনপি ও জামায়াত
আগামী ২৯ নভেম্বর সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো দলগুলোর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিএনপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
দ্বিতীয় দিনের সংলাপে ১৮ দল
৩০ নভেম্বর সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
শেষ দিনের সংলাপে এনসিপিসহ ১৮ দল
১ ডিসেম্বর সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে।
আমন্ত্রণ পাচ্ছে না আওয়ামী লীগ ও চার শরিক
ইসি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে। দলটি বাদে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।
তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চার শরিক—ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে এবারের সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও পৃথক বৈঠক করবে কমিশন।
পাঁচ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালে পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত নির্বাচনী সূচি অনুযায়ী—
- প্রথম ধাপ: ২১ জানুয়ারি — ১,০৪২টি ইউনিয়ন পরিষদ।
- দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি — ১,০৬৯টি ইউনিয়ন পরিষদ।
- তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল — ১,০২৪টি ইউনিয়ন পরিষদ।
- চতুর্থ ধাপ: ১৩ মে — ৮১৩টি ইউনিয়ন পরিষদ।
- পঞ্চম ধাপ: ২৭ মে — ৩৮৪টি ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে নির্বাচন কমিশনের।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।