সরকার নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এতে যান চলাচল ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে ৩৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে টঙ্গীর গাজীপুরা ২৭ নম্বর রোড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। এ সময় কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বর্তমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির সামঞ্জস্য নেই। মাসিক ১৭ হাজার টাকা বেতনে পরিবারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে দাবি করেন তারা।
এর আগে মঙ্গলবার সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে। এ সিদ্ধান্তের পর শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন তারা।
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি ১৬ প্লাটুন বিজিবি, ১২টি এসআরবি পেট্রোল দল এবং ১৭ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে নাওজোড় এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও ২০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এফ হোসেন জানান, শ্রমিকদের মহাসড়কে অবস্থান নিতে দেওয়া হবে না। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।