Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

বিবিসি বাংলার প্রতিবেদন

দুই শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এই ঘোষণার পেছনে ভারতের সম্মতি রয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার এই ঘোষণার পেছনে ভারতের সম্মতি রয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে নেওয়া হয়েছিল, একই ধরনের ব্যবস্থাপনায় তাকে দেশে ফেরাতে আগ্রহী দিল্লি। তবে প্রত্যাবর্তনের আগে তার নিরাপত্তা, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চায় ভারত।

দিল্লির সম্মতিতেই দেশে ফেরার ঘোষণা?

বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের প্রচ্ছন্ন সম্মতি ছাড়া শেখ হাসিনা নিজ উদ্যোগে দেশে ফেরার ঘোষণা দেননি। বরং তার প্রত্যাবর্তনের বিষয়ে শেখ হাসিনা ও দিল্লির নীতিনির্ধারকদের মধ্যে একটি বোঝাপড়া তৈরি হওয়ার পরই এ ঘোষণা এসেছে।

ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে অবস্থান দেশটির জন্য ক্রমেই কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়ছে নয়াদিল্লি।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনা নিয়েও অতীতে আলোচনা হয়েছে। তবে বিভিন্ন কারণে সেসব উদ্যোগ সফল হয়নি। ফলে তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করাকেই এখন একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দিল্লি।

ভারতের নীতিনির্ধারকদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার ক্ষেত্রেও শেখ হাসিনার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে নয়াদিল্লি।

প্রত্যর্পণের অনুরোধে এখনো সাড়া দেয়নি ভারত

২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও দিল্লি এখনো প্রত্যর্পণের বিষয়ে স্পষ্ট ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনাকে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও আস্থাভাজন হিসেবে বিবেচনা করে দিল্লি। এ কারণে তাকে বন্দি হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে আগ্রহী নয় ভারত।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পদক্ষেপ নিলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে ভারতের মিত্র রাজনীতিকদের মধ্যেও নেতিবাচক বার্তা যেতে পারে। বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে ভারতের নির্ভরযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভারত প্রধানত দুটি বিষয়ে নিশ্চয়তা চাইছে।

প্রথমত, তাকে ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ থাকতে হবে। যেভাবে সামরিক উড়োজাহাজে তাকে ভারতে নেওয়া হয়েছিল, একইভাবে বাংলাদেশ থেকে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়া যেতে পারে।

বিকল্প হিসেবে স্থলসীমান্তের নির্ধারিত কোনো স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তরের ব্যবস্থাও বিবেচনায় রয়েছে। এ ধরনের প্রত্যাবর্তনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

দ্বিতীয়ত, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিতে হবে।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, তারা শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে ফেরত পাঠাতে চান না, যেখানে তার ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন উঠতে পারে।

বিবিসি বাংলাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের পর্যবেক্ষণের আওতায় থাকুক, সেটিও দিল্লির প্রত্যাশা।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ এড়াতে ভারত প্রকাশ্যে এ বিষয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিবিসি বাংলার প্রতিবেদনে দাবি করা হয়, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও তার বৈঠক হয়।

ভারতের একটি সামরিক সূত্রের ধারণা, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কূটনীতিকের সঙ্গে সেনাপ্রধানের এমন বৈঠক হওয়ার কথা নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সামরিক সমন্বয়ের বিষয়টি ওই আলোচনায় উঠে এসে থাকতে পারে বলে সূত্রটি ইঙ্গিত দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এই যোগাযোগ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে নিরাপদে দেশে ফেরানো এবং প্রত্যাবর্তনের পর তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সমঝোতা চায় দিল্লি।

ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে ভারতীয় কর্মকর্তাদের মধ্যেও সংশয় রয়েছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার অবস্থান কতটা ইতিবাচক, সে বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সন্দেহ রয়েছে।

তাদের ধারণা, জ্বালানি খাতের সংকট, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

এ ছাড়া ভারতের প্রস্তাবিত শর্তগুলো নিয়ে সমঝোতা, প্রত্যাবর্তনের পদ্ধতি নির্ধারণ এবং নিরাপত্তার নিশ্চয়তা পাওয়াও বড় চ্যালেঞ্জ।

দিল্লির পর্যবেক্ষকদের মতে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এসব জটিলতার সমাধান হওয়ার সম্ভাবনা কম। ফলে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন না এলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

শেখ হাসিনার ঘোষণায় ভারতের রাজনৈতিক হিসাব

বিবিসি বাংলার বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া কঠিন হবে, তা দিল্লি শুরু থেকেই জানত। এরপরও তার প্রত্যাবর্তনের ঘোষণা ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

ভারতীয় কর্মকর্তাদের একটি অংশ মনে করছে, শেখ হাসিনা নিজে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন—এমন অবস্থান ভবিষ্যতে দিল্লিকে কূটনৈতিক ব্যাখ্যা দেওয়ার সুযোগ তৈরি করবে।

পাশাপাশি তার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ভারতীয় পর্যবেক্ষকেরা।

তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে দিল্লি।

তবে চলতি বছরের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে থাকবেন, নাকি ভারতেই অবস্থান করবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, তার প্রত্যাবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত নির্ভর করবে ঢাকা ও দিল্লির মধ্যে সমঝোতা, বিচারিক প্রক্রিয়ার নিশ্চয়তা এবং নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্তের ওপর।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।