দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে তার অবস্থান শনাক্ত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিচারক শেখ ফারহান নাদীম ব্যক্তিগতভাবে একাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কুয়াকাটায় রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি জানান, নিখোঁজ বিচারক একাই কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তার অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সন্ধান পাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের কাজ শেষ করে কর্মস্থল থেকে বের হন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। এরপর তিনি আর বাসায় ফেরেননি।
বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ভাড়া ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন এই বিচারক। নির্ধারিত সময়ে বাসায় না ফেরা এবং মোবাইল ফোনে যোগাযোগ করতে না পারায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
দুই দিনেও তার সন্ধান না পাওয়ায় বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের পক্ষে জিডিটি করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।
পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্রসৈকতে তার সন্ধান মেলে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।