Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হয়নি সামিরা খান মাহির

মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা না পাওয়ায় বিশ্বসুন্দরীর মুকুট জয়ের দৌড় শেষ হয়েছে এই অভিনেত্রীর।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা না পাওয়ায় বিশ্বসুন্দরীর মুকুট জয়ের দৌড় শেষ হয়েছে এই অভিনেত্রীর।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোতে শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের জমকালো আয়োজনে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী অংশ নিয়েছেন।

প্রত্যাশিত ফল না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি। সেখানে নিজের প্রচেষ্টা, দেশবাসীর অকুণ্ঠ সমর্থন এবং প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ তুলে ধরেছেন তিনি।

মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি।’

দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতার পুরো পথচলায় অর্জিত অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

মাহি বলেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

ভবিষ্যতে দেশবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

শেষ মুহূর্তে দর্শক ভোটেও পিছিয়ে পড়েন মাহি

গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষ অবস্থানে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

সেরা ৩০-এ জায়গা পেয়েছে যেসব দেশ ও অঞ্চল

নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা এবং দেশবাসীর ভালোবাসাকে নিজের পথচলার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সামিরা খান মাহি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।