বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে তাকে রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস, ২০২৭’ শীর্ষক গ্রন্থে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের পরিচিতি ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
প্রকাশনাটির ১৬৬ নম্বর পৃষ্ঠায় এশিয়া অঞ্চলের বাংলাদেশ অংশে তারেক রহমানের নাম উল্লেখ করা হয়েছে। প্রথমবারের মতো তালিকায় যুক্ত হওয়ায় তার নামের পাশে ‘নিউ’ চিহ্ন দেওয়া হয়েছে।
প্রকাশনায় তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিবরণ
গ্রন্থে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রকাশনায় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের কথাও তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
রাজনৈতিক বিভাগে স্থান, নেই নির্দিষ্ট র্যাঙ্কিং
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনায় বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বকে নির্দিষ্ট ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্যদিকে, তালিকার বাকি ব্যক্তিদের নিজ নিজ প্রভাব ও কর্মকাণ্ডের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
এসব বিভাগের মধ্যে রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে।
তারেক রহমানকে রাজনৈতিক বিভাগে রাখা হলেও তার নামের পাশে কোনো নির্দিষ্ট ক্রমিক অবস্থান উল্লেখ করা হয়নি। ফলে তালিকায় তার অন্তর্ভুক্তিকে শীর্ষ ৫০ ব্যক্তিত্বের র্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনা করার সুযোগ নেই।
যেভাবে নির্বাচন করা হয় প্রভাবশালী ব্যক্তিত্ব
প্রকাশনাটির ভূমিকায় জানানো হয়েছে, বিভিন্ন সামাজিক সূচক, জনমত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব বিবেচনা করা হয়।
মূলত ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক পরিসরে ব্যক্তিদের ভূমিকা এবং প্রভাবের ধরন মূল্যায়ন করে তালিকাটি প্রস্তুত করা হয়।
তবে প্রকাশক প্রতিষ্ঠান স্পষ্ট করেছে, কোনো ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করার অর্থ তার রাজনৈতিক মতাদর্শ, কর্মকাণ্ড কিংবা অবস্থানের প্রতি প্রকাশকদের সমর্থন বা অনুমোদন নয়।
২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো তারেক রহমানের অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিক এই প্রকাশনায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক পরিচিতি ও নেতৃত্বের বিষয়টি স্থান পেয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।