বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়িটির নিচতলার ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যক্তি বাড়িটিতে এসে ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। পরে তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন। এ সময় হামলাকারীদের জিয়াউল আহসানের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে দুটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে।
রবিউল আল আমিন জানান, আগুনের প্রকৃত সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ অবস্থান করছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।