সীমান্ত অতিক্রম করে কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক কিংবা ফেরারি আসামি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ বিজিবি সেক্টর সদর দপ্তরে সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কর্নেল নাসির উদ্দীন।
তিনি জানান, বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের জানমাল সুরক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সেক্টর কমান্ডার বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি কিংবা পলাতক ও ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
২৪৩ কিলোমিটার সীমান্তে বাড়তি নিরাপত্তা
ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে কর্নেল নাসির উদ্দীন জানান, এ সেক্টরের অধীনে প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।
অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি
সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, বর্তমানে ময়মনসিংহ সেক্টরের আওতায় ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন করে ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে।
পাশাপাশি দুর্গম ও নদীতীরবর্তী সীমান্ত এলাকায় চলাচলের জন্য বিশেষ যানবাহন এটিভি ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, জনবল বাড়ানোর মাধ্যমে প্রতিটি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
হালুয়াঘাট ও নেত্রকোনা সীমান্তে বিশেষ নজর
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দীন বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য কিছু তৎপরতার বিষয়ে বিজিবি তথ্য পেয়েছে।
তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত ওইসব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা শনাক্ত হয়নি।
তিনি জানান, সীমান্তসংক্রান্ত কোনো তথ্যকেই গুরুত্বহীন হিসেবে দেখা হচ্ছে না। প্রতিটি তথ্য যাচাইয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তথ্যের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পুশইন প্রতিরোধ ও মানবপাচারবিরোধী অভিযান
চলতি বছরের সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে বিজিবির এই কর্মকর্তা জানান, ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি পৃথক ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিরোধ করা হয়েছে।
একই সময়ে মানবপাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি।
এ ছাড়া মানবপাচারের অভিযোগে ৫৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
মাদক চোরাচালানে জড়িত ৭০ জন আটক
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দীন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক চলাচল ও অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।
সন্দেহজনক তৎপরতার তথ্য দেওয়ার আহ্বান
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার।
তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা কিংবা অন্য কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
কর্নেল নাসির উদ্দীন আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।