নারীর প্রতি সহিংসতা ও নারীহত্যা বন্ধের দাবিতে অস্ট্রিয়া, ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ইউরোপজুড়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) এসব মিছিল ও সমাবেশ হয়।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন। আগের বছরগুলোর তুলনায় এ হার প্রায় অপরিবর্তিত রয়েছে।
ইতালির রাজধানী রোমে নারীবাদী সংগঠন ‘নন উনা দি মেনো’র আয়োজনে মিছিলে অংশ নেন হাজারো মানুষ। তাঁরা সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়া নারীদের আর্থিক সহায়তা বাড়ানোর দাবি জানান। সংগঠনটির হিসাবে, চলতি বছরের শুরু থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ইতালিতে ৭৬ নারী হত্যার শিকার হয়েছেন। আরও ১১৯ জন হত্যাচেষ্টার শিকার হয়েছেন।
ফ্রান্সের প্যারিস, লিল, লিওঁ ও মার্সেইসহ ৩০টির বেশি শহরে বিক্ষোভ হয়েছে। পুলিশের হিসাবে, প্যারিসে দুটি পৃথক মিছিলে মোট ১২ হাজার ৫০০ মানুষ অংশ নেন। একটি মিছিল থেকে নারী ও শিশুর বিরুদ্ধে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ঠেকাতে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানানো হয়। এ-সংক্রান্ত প্রস্তাবটি ১৩ অক্টোবর জাতীয় পরিষদে অনুমোদন পেয়েছে। আগামী জানুয়ারিতে সিনেটে তা পর্যালোচনার কথা রয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পার্লামেন্ট ভবনের সামনে কয়েক শ পুরুষ বিক্ষোভ করেন। আয়োজক সংগঠন হোয়াইট রিবন অস্ট্রিয়া নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষদের নীরবতা ভাঙার আহ্বান জানায়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।