আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ১১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে মোতায়েনের জন্য আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭, চট্টগ্রামে ৮, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৭ প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির লাইভ ফুটেজ দেখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।