জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ রাখাসহ বিশ্বনেতাদের সামনে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে প্রতিবছর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অথচ এই সংকট সৃষ্টিতে দেশের ভূমিকা অত্যন্ত সামান্য। তাই জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন ও সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে।
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য
প্রধানমন্ত্রী জানান, নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে।
প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব শিল্পায়নকে আরও উৎসাহিত করা হচ্ছে।
একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের আওতায় নদী ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কার্যক্রমের কথাও জানান তিনি।
এসব উদ্যোগের মাধ্যমে পানির ধারণক্ষমতা বৃদ্ধি, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবন এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
জলবায়ু অর্থায়নে বিশ্বনেতাদের সামনে পাঁচ প্রস্তাব
বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের মতো দেশগুলোর অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে।
ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং সীমিত আর্থিক সক্ষমতার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, নতুন ঋণ নয়।
এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বিশ্বনেতাদের সামনে পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ সংশ্লিষ্ট দেশগুলোর অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো বিশেষ ঋণ-ত্রাণ ব্যবস্থা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে।
পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। উন্নয়নশীল দেশগুলোর জনগণ যেন এই পরিবর্তনের সুফল পান, সেটিও নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আহ্বান জানান তিনি।
ভাষণের শেষ পর্যায়ে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং জলবায়ু আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি দিলেই চলবে না, সেগুলো কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।