ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনি থেকে সেখানে পৌঁছে হোটেলে ওঠার আগেই ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে যান বিখ্যাত হলিউড সাইন। সেখানে দুজন ছবি তোলেন।
একসময় হলিউডের সিনেমা ও তারকাদের প্রতি আলাদা আগ্রহ ছিল শাবনূরের। বিশেষ পছন্দের অভিনেতা ছিলেন টম ক্রুজ। এবার কাছ থেকে হলিউড সাইন দেখার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জায়গাটির বিশালতা এবং সাইনটিকে পেছনে রেখে ছবি তুলতে আসা মানুষের ভিড় তাঁকে মুগ্ধ করেছে।
ছেলের স্কুলে ছুটি থাকায় দুজন মিলে প্রায় দুই মাসের ভ্রমণের পরিকল্পনা করেছেন শাবনূর। এবারের সফরে বিভিন্ন শহর ঘুরে দেখার পাশাপাশি কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা অমিত হাসানের পরিবারের সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন শাবনূর।
আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে তাঁর। এরপর লন্ডনে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে কয়েক দিন কাটিয়ে সিডনিতে ফিরবেন শাবনূর।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।