Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

গোপালগঞ্জে চালু হচ্ছে না ট্রেন-দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দও

নিরাপত্তাঝুঁকি ও নতুন করে নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল শিগগিরই চালু হচ্ছে না। একই সঙ্গে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম নিজস্ব ভবনে ফিরিয়ে আনতেও আরও সময় লাগবে। এর পাশাপাশি জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ করা সরকারি অর্থের তৃতীয় কিস্তি ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

নিরাপত্তাঝুঁকি ও নতুন করে নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল শিগগিরই চালু হচ্ছে না। একই সঙ্গে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম নিজস্ব ভবনে ফিরিয়ে আনতেও আরও সময় লাগবে। এর পাশাপাশি জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ করা সরকারি অর্থের তৃতীয় কিস্তি ছাড় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট সরকারি সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।

নিজস্ব ভবনে ফিরছে না দুই থানার কার্যক্রম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা থানা দুটি পুনরায় চালুর দাবি জানালেও ভবন সংস্কার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিচ্ছে প্রশাসন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। ক্ষতিগ্রস্ত দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটি কবে নিজস্ব ভবনে ফিরবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজ এখনো শুরু হয়নি। স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। রেল যোগাযোগ চালুর ক্ষেত্রেও একই পরিস্থিতি রয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অর্থ ছাড় স্থগিত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের অর্থ ছাড় আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য নির্ধারিত তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় করা হবে না।

সাধারণত চার কিস্তিতে এসব প্রতিষ্ঠানের জন্য সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের কিস্তির অর্থ ছাড় আপাতত বন্ধ থাকবে। এতে জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সহিংসতার পর থেকে বন্ধ রেল যোগাযোগ

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ক্ষতিগ্রস্ত হয়। বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়ি এবং দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর জেলার সঙ্গে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা দুটির স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়।

এর ফলে সাধারণ ডায়েরি (জিডি), মামলা দায়েরসহ বিভিন্ন পুলিশি সেবা নিতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ ছাড়া গত ২৩ নভেম্বর গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

বলপ্রয়োগ না করার অবস্থানে সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি মোকাবিলায় সরকার বলপ্রয়োগ না করার অবস্থানে রয়েছে। এসব কর্মসূচিতে মারণাস্ত্র ব্যবহার না করার নীতিগত অবস্থানও রয়েছে সরকারের।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন করে সড়ক অবরোধ কিংবা হামলার ঘটনা ঘটলেও সরকার আপাতত এই অবস্থান বজায় রাখতে চায়।

পাঁচটি ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগে পাঁচটি ট্রেন চলাচল করত। এগুলো হলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।

এসব ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জের সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও ফরিদপুরের রেল যোগাযোগ ছিল।

গত ১৫ নভেম্বর থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিয়মিত যাত্রীরা। তুলনামূলক কম খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সংঘাত ও নাশকতার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে রেল যোগাযোগ ও ক্ষতিগ্রস্ত দুই থানার স্বাভাবিক কার্যক্রম চালুর সম্ভাবনা কম বলে মনে করছেন তারা।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।