Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষা

এসএসসির দেড় হাজার মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সম্পৃক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে এ কর্মসূচি বাস্তবায়নে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

যেভাবে নির্বাচন করা হচ্ছে শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিভাগভিত্তিক শিক্ষার্থী নির্বাচনের হার নির্ধারণ করা হয়েছে—

  • বিজ্ঞান বিভাগ: ৫০ শতাংশ
  • মানবিক বিভাগ: ৩০ শতাংশ
  • ব্যবসায় শিক্ষা বিভাগ: ২০ শতাংশ

তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ও বিভাগভিত্তিক কাঠামো বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ভবিষ্যতে বাড়বে কর্মসূচির পরিসর

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রথম ধাপে মেধাক্রমের ভিত্তিতে সর্বোচ্চ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। পরবর্তী সময়ে কর্মসূচির পরিসর আরও বাড়ানো হবে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও একই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর উদ্যোগ

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে।

স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানিয়েছেন, শতভাগ মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ল্যাপটপের আধুনিক ও মানসম্মত কনফিগারেশন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

সূত্র: বাসস।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।