রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
রাজধানীর তুরাগ থানাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভোররাতে অভিনেত্রীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আটকের আগে ফেসবুক লাইভে কান্না
পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা কী কারণে তাঁকে আটক করতে চাইছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
একপর্যায়ে অভিনেত্রী বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’
ফেসবুক লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’
এর কিছুক্ষণ পরই তাঁকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।