আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে তুরাগ এলাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের করতোয়া ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে করতোয়া ভবনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিযানের সময় ওই বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে।
বিয়ানীবাজারে সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দুটি নথিভুক্ত হওয়ার বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশ নিশ্চিত করেছে।
অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম পৃথক একটি হত্যা মামলা করেন।
একইভাবে গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিম আরেকটি মামলা দায়ের করেন। এ দুই মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
তবে গ্রেপ্তারের পর সাবেক শিক্ষামন্ত্রীকে কোন মামলায় আদালতে হাজির করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।