দীর্ঘ আট মাস পর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুশূন্য একটি দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। তবে একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর মধ্যে হাম শনাক্ত ও হামের উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৩২১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে এক দিনে নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।
দীর্ঘ সময় পর হামে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত না হওয়া ইতিবাচক হলেও নতুন করে বিপুলসংখ্যক শিশুর মধ্যে রোগটির সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হওয়ার তথ্য উদ্বেগের বিষয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা শূন্য থাকলেও দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।