গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত এবং ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে হেফাজতের নেতারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগের পর আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। দলটির নেতাকর্মীদের একটি অংশ ভারতে অবস্থান করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, বিদেশি মদদে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে সহিংসতা ও নাশকতার মাধ্যমে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ ধরনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।
হেফাজতের নেতারা বলেন, পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণ-অভ্যুত্থান ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়া হলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দলটি নিজেদের রাজনৈতিক আচরণে প্রত্যাশিত পরিবর্তন আনেনি বলে দাবি করেন হেফাজতের নেতারা। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণের ক্ষেত্রে নির্যাতনের শিকার পরিবার ও আহত ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
সংগঠনটির নেতাদের দাবি, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন এবং বিভিন্ন আন্দোলনে প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের যথাযথ বিচার ছাড়া দলটির রাজনৈতিক কার্যক্রম পুনরায় চালুর সুযোগ দেওয়া উচিত নয়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার শাসনামল নিয়ে সমালোচনা হয়েছে। এ ক্ষেত্রে দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করেন হেফাজতের নেতারা।
বিবৃতির শেষাংশে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত এবং দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন হেফাজতে ইসলামের নেতারা।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।