গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে। বিভিন্ন পোস্টে অগ্নিসংযোগের পরিকল্পনায় তার সম্পৃক্ততা থাকার অভিযোগ তোলা হয়।
এর আগেও বিএনপির একাধিক নেতাকর্মী আবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্যসচিব শাহ আলম সৈকত ফেসবুকে দাবি করেন, নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।
সৈকতের আরও অভিযোগ, এই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তার বাড়িতে একাধিকবার অভিযান ও ভাঙচুর চালানো হয়। এমনকি পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়েছিল।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের সঙ্গে তার গ্রেপ্তারের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও স্পষ্ট নয়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।